সকল মেনু

সবশেষ

ঝিনাইদহে ভোরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ; আটক ১

ফন্ট সাইজ:
0Shares

ঝিনাইদহে ভোরের আলো ফোটার আগেই ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে ঝটিকা মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শুভ (২৫) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আটক শুভ কুঠিপাড়া এলাকার ইজাহার মিয়ার ছেলে।

বুধবার (৪ নভেম্বর) ভোরে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে নগরবাথান এলাকায় একদল যুবক হঠাৎ সড়কের পাশে জড়ো হয়। একপর্যায়ে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকে এবং সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। আকস্মিক এ মিছিল ও স্লোগানের শব্দে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। তবে স্থানীয় লোকজনের উপস্থিতি বাড়তে থাকলে বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, আকস্মিক এ বিক্ষোভের ঘটনায় নগরবাথানসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। তবে বিক্ষোভে কারা অংশ নিয়েছিল এবং কারা এর নেতৃত্ব দিয়েছে, সে বিষয়ে স্থানীয়দের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শুভ নামে একজনকে আটক করা হয়েছে। তবে বিক্ষোভে জড়িত অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।