নীলফামারীর সৈয়দপুরে মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সৈয়দপুরের ওয়াপদা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নিহত বাবার নিথর মরদেহের পাশে মেয়ের একটি স্কুলের বই পড়ে থাকার দৃশ্য উপস্থিত লোকজনকে স্তব্ধ করে দেয়।
নিহত আরিফ হোসেন সৈয়দপুর উপজেলার ঢেলাপীর বাঁশেরহাট এলাকার বাসিন্দা। তার মেয়ে সুপ্তি শহরের গোলাহাট নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে আরিফ হোসেন তার মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ওয়াপদা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আরিফ হোসেন মারা যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওয়াপদা মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কে ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেন। এতে ওই সড়কে প্রায় চার ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন বলেন, “এখানে অত্যন্ত বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে। আমরা চাই এখানে দ্রুত যান চলাচলের জন্য নির্দিষ্ট লাইন করা হোক এবং একটি ট্রাফিক বক্স নির্মাণ করা হোক।”
আরেক স্থানীয় বাসিন্দা মমিনুল হক বলেন, “এই মোড়টি আমাদের কোনো বাস টার্মিনাল নয়, অথচ বাসগুলো এখানে এসে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনা বাড়ছে। আরিফ হোসেন তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাসচাপায় প্রাণ হারালেন। এটি চার জেলার সংযোগস্থল, তাই এখানে দ্রুত একটি ট্রাফিক বক্স স্থাপন করা অত্যন্ত জরুরি।”
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।