সকল মেনু

সবশেষ

অনিয়মের ফলোআপ সংবাদ করতে গিয়ে ডা. সুজাতের ক্ষোভ ও হুমকি: কোণঠাসা কয়রার সাংবাদিকতা, বাড়ছে ক্ষোভ

ফন্ট সাইজ:
3Shares

খুলনার কয়রায় ক্লিনিকে অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু, রোগীর মূত্রনালিতে জটিলতা এবং সরকারি পরিদর্শনে উদঘাটিত ডজনখানেক অনিয়মের ফলোআপ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি, মারতে তেড়ে যাওয়া ও ধরে বেঁধে রাখার ভয়ংকর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডা. সুজাত আহমেদ ‘আনিসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এবং ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালকের স্বামী।

​সংরক্ষিত অডিও রেকর্ডিংয়ে তাঁকে সাংবাদিকের উদ্দেশে বলতে শোনা যায়, “আমার নামে নিউজ করার সাহস পাও কোথায়? তোমারে ধরে বেঁধে রাখব, তোর পিঠের চামড়া তুলে নেব।”

​গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা. সুজাত আহমেদের ব্যক্তিগত চেম্বারে এই পেশাজীবী হেনস্তার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মো. ইউনুস আলী জাতীয় দৈনিক ‘বাংলাবাজার’ পত্রিকা ও আঞ্চলিক দৈনিক ‘খুলনা টাইমস’-এর কয়রা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এর আগে গত ১৯ অক্টোবর উক্ত দুই পত্রিকায় “টিনের চালের নিচে অস্ত্রোপচার, প্রসূতির মৃত্যু” শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে আনিসা ক্লিনিকে ত্রুটিপূর্ণ পরিবেশে অস্ত্রোপচারের ফলে এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু, আরও দুই রোগীর মূত্রনালিতে জটিলতা সৃষ্টি এবং চিকিৎসাব্যবস্থার নানা অব্যবস্থাপনার চিত্র জোরালোভাবে তুলে ধরা হয়।

​তারও আগে, গত ১১ অক্টোবর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ পরিদর্শক দল ক্লিনিকটি আকস্মিক পরিদর্শন করে। সেখানে চিকিৎসক, নিবন্ধিত নার্স, অ্যানেস্থেসিয়া ব্যবস্থাপনা, অস্ত্রোপচার নথি, ব্যবস্থাপক, পরিবেশগত ছাড়পত্র ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ মোট ১২টি গুরুতর অনিয়ম চিহ্নিত করা হয়। পাশাপাশি তিন কর্মদিবসের মধ্যে ক্লিনিক কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (কৈফিয়ত) নোটিশ দেওয়া হয়।

ফলোআপ প্রতিবেদনের অংশ হিসেবে ডা. সুজাত আহমেদের বক্তব্য নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে তাঁর মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। পরে বাধ্য হয়ে সাংবাদিক ইউনুস আলী সরাসরি তাঁর ব্যক্তিগত চেম্বারে উপস্থিত হন।

​অডিও রেকর্ড অনুযায়ী, ক্লিনিকের ১২টি অনিয়মের বিষয়ে প্রশ্ন করা হলে ডা. সুজাত শুরুতেই স্বাস্থ্য বিভাগের কোনো চিঠি পাননি বলে সম্পূর্ণ অস্বীকার করেন। এ সময় অনিয়মগুলো সম্পর্কে তাঁকে অবহিত করতে স্বাস্থ্য বিভাগের মূল চিঠিটি পড়ে শোনানো হয়। সঙ্গে থাকা এক সহকর্মী ওই মুহূর্তের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ডা. সুজাত তীব্র আপত্তি জানান এবং সঙ্গে সঙ্গেই ভিডিও ধারণ বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি ঔদ্ধত্যপূর্ণ সুরে বলেন, “আমি এগুলো শুনতে রাজি না। যে আপনাদের চিঠি দিয়েছে, তারে গিয়ে শুনান। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।”

​অথচ ডা. সুজাত চিঠি পাওয়ার কথা অস্বীকার করলেও দাপ্তরিক রেকর্ড এবং তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের কর্মীর বক্তব্যে সম্পূর্ণ ভিন্ন চিত্র বেরিয়ে এসেছে। স্বাস্থ্য বিভাগের চিঠির গ্রহণ কপিতে ক্লিনিকের রিসেপশনকর্মী তানিয়া আফরোজের নামের পাশে ‘বুঝিয়া পাইলাম’ লিখে দস্তখত রয়েছে।

​এ বিষয়ে রিসেপশনকর্মী তানিয়া আফরোজ জানান, “আমি আনিসা ক্লিনিকের রিসেপশনে কর্মরত। গ্রহণ কপির স্বাক্ষরটি আমারই। গত ১২ অক্টোবর চিঠিটি গ্রহণ করে স্যারকে বুঝিয়ে দিয়েছি।”

​পরবর্তীতে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মোছা. আনিসা আক্তার লিলি স্বাস্থ্য বিভাগের কাছে একটি লিখিত জবাবও জমা দেন। যদিও সেই জবাবপত্রে তারিখের বিস্তর গরমিল পাওয়া যায়—যাবতীয় নথিতে দেখা যায়, জবাবপত্রের ওপরে ২১ অক্টোবর, স্বাক্ষরের পাশে ২৫ অক্টোবর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের গ্রহণ সিলে ২৭ অক্টোবর তারিখ সিলমোহর করা রয়েছে।

​অর্থাৎ, ক্লিনিক কর্তৃপক্ষ চিঠিটি আইনগতভাবে গ্রহণ করেছে এবং লিখিত জবাবও পাঠিয়েছে; অথচ ১৩ নভেম্বর ডা. সুজাত গণমাধ্যমের সামনে এসে দাবি করেন তিনি কোনো চিঠিই পাননি!

স্বাস্থ্য বিভাগে দেওয়া ক্লিনিক কর্তৃপক্ষের লিখিত জবাব পর্যালোচনা করে দেখা গেছে, সেখানে চিহ্নিত অনিয়মগুলো সংশোধনের সুনির্দিষ্ট কোনো আইনি প্রমাণ বা ডকুমেন্টস পেশ করা হয়নি। উল্টো ক্লিনিকটির দুর্গম দূরত্ব, কম খরচে দরিদ্র মানুষের চিকিৎসা প্রদান এবং প্রতিষ্ঠানটি বন্ধ হলে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে—এমন মনগড়া আবেগপ্রবণ যুক্তি দেখিয়ে কেবল ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

​পাশাপাশি জবাবপত্রে উল্লেখ করা হয় যে, ডা. সুজাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালকের স্বামী হওয়ায় তিনি সরকারি ছুটির দিনে আনিসা ক্লিনিকে এসে অস্ত্রোপচার ও চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তবে অস্ত্রোপচারের সময় বাধ্যতামূলকভাবে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক, সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং প্রয়োজনীয় জনবল উপস্থিত থাকার স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র বা রেজিস্টার জবাবের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

​আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো ধরনের ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা করার অনুমোদন বা ল্যাব টেকনিশিয়ান নেই। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের পরিবর্তে কেবল উভয় অনুমোদনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে দায়সারা মন্তব্য করা হয়েছে। এ ছাড়া, অ্যাম্বুলেন্সের দাবির সমর্থনে কোনো লিখিত চুক্তিপত্র না দেখিয়ে কেবল দুটি বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ও চালকদের সঙ্গে মৌখিক চুক্তির কথা বলা হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম এ বিষয়ে জানান, “তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা থাকলেও তারা সময়মতো দেয়নি। প্রায় ১০ দিন পর যে জবাব দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিদর্শনে পাওয়া অনিয়মগুলোর একটিরও বাস্তব সংশোধন হয়নি। এ বিষয়ে সিভিল সার্জন মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​ডা. সুজাতের চিঠি না পাওয়ার দাবি সম্পর্কে তিনি আরও বলেন, “ক্লিনিক কর্তৃপক্ষ চিঠি বুঝে পেয়েছে এবং লিখিত জবাবও দিয়েছে। চিঠি না পেলে তারা তার উত্তর দিল কীভাবে? তাছাড়া, বিএমডিসির বিধিমালা অনুযায়ী তিনি সেখানে অস্ত্রোপচার করতে পারেন না; বিষয়টি তাঁকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”

সাংবাদিককে হুমকির বিষয়ে ডা. রেজাউল করিম জানান, ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে প্রমাণসহ লিখিত অভিযোগ পাওয়া গেলে বিএমডিসির আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন জানান, “আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনার সময় উপস্থিত ছিলাম। ভিডিও করার প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গেই রেকর্ড বন্ধ করা হয়। এরপর ডা. সুজাত অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এবং ইউনুস আলীকে ধরে রাখা, মারধর ও পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি তেড়ে আসেন এবং ক্লিনিকের অন্যান্য লোকজন জড়ो হয়ে চরম উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে ইউনুস আলী নিরাপদে বের হয়ে আসেন।”

​ভুক্তভোগী সাংবাদিক মো. ইউনুস আলী জানান, ঘটনার সময়কার কথোপকথনের মূল অডিও রেকর্ড, স্বাস্থ্য বিভাগের চিঠি ও গ্রহণ কপি, ক্লিনিকের লিখিত জবাবের কপি, ফোনকলের তালিকা, হোয়াটসঅ্যাপ বার্তা এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তাঁর নিকট সুরক্ষিত রয়েছে।

​সাংবাদিককে লাঞ্ছিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং জীবননাশের হুমকির এই ঘটনায় কয়রা উপজেলার সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাধীন সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ ও অনিয়মকবলিত বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের চূড়ান্ত প্রস্তুতি চলছে।

ফন্ট সাইজ:
3Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।