সকল মেনু

সবশেষ

প্রসূতির মৃত্যুর তথ্য প্রকাশের পর লালমনিরহাটে অতিথি ক্লিনিক সিলগালা।

ফন্ট সাইজ:
0Shares

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রসূতির মৃত্যুর খবর প্রকাশের পর লালমনিরহাট সদর উপজেলার অতিথি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার (৪ নভেম্বর) সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের নেতৃত্বে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ক্লিনিক কর্তৃপক্ষ বা মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাদের সঙ্গে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

পরে বিকেলে সিভিল সার্জনের নির্দেশনায় লালমনিরহাট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নওশাদ আলম এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের উপস্থিতিতে অতিথি ক্লিনিকটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দীপংকর রায় এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি ক্লিনিকের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়াসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসূতির মৃত্যুর ঘটনার পর ক্লিনিকটির বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।