খুলনার কয়রা উপজেলার সাধারণ ও দুস্থ মানুষের দৃষ্টিশক্তি সুরক্ষায় সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) কয়রার ঐতিহ্যবাহী কপোতাক্ষডিগ্রি কলেজ অডিটোরিয়ামে সকাল ৮টা থেকে এই ক্যাম্পের আয়োজন করা হয়।খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস. এম মনিরুল হাসান বাপ্পীর সার্বিক আয়োজনে ও সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
দিনব্যাপী চলমান এই বিশেষ ক্যাম্পে উপজেলার উত্তর বেদকাশী, মহারাজপুর ও কয়রা সদর ইউনিয়নসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শত শত চোখ ও ছানি রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের ব্যবস্থাপনায় ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখের দৃষ্টিশক্তি পরীক্ষা, ড্রপ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।
এছাড়া যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হচ্ছে, উন্নত লেন্স (IOL) সংযোজনসহ তাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হচ্ছে। বাছাইকৃত এসব রোগীদের পরবর্তীতে নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে অপারেশন, থাকা-খাওয়া ও চশমা সহ যাবতীয় খরচ বিনামূল্যে প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।
চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান,কয়রা থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মাওলা বক্স,আবুল কালাম আজাদ কো অর্ডিনেটর ও নাজমুল হাসান মঞ্জু এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল থেকেই কপোতাক্ষ কলেজ প্রাঙ্গণে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। প্রত্যন্ত অঞ্চলের রোগীরা বাড়ির কাছে এমন উন্নত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকরা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।