জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ক্যারিয়ারে গীতিকার ও সুরকার রাজেশ ঘোষের অবদান অনস্বীকার্য। দীর্ঘ সংগীতজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে রাজেশ ঘোষকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল সহযোগী হিসেবে উল্লেখ করেছেন আসিফ আকবর।
রাজেশ ঘোষের জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে আসিফ আকবর তুলে ধরেছেন তাদের দীর্ঘদিনের সৃজনশীল পথচলা, গান তৈরির নানা স্মৃতি এবং রাজেশ ঘোষের প্রতি তার গভীর শ্রদ্ধার কথা।
আসিফ আকবর জানান, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামের ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় অ্যালবাম নিয়ে কিছুটা সংশয় ও জটিলতা তৈরি হয়েছিল। মাঝখানে প্রায় এক বছরের মতো সময়ের ব্যবধান তৈরি হচ্ছিল। সেই পরিস্থিতিতে দ্রুত পরিকল্পনা সাজানোর প্রয়োজন দেখা দিলে তিনি রাজেশ ঘোষকে লক্ষ্য করে বাসায় একটি সিটিং করেন।
সেই সময় রাজেশ ঘোষ গিটার বাজিয়ে নিজের লেখা ও সুর করা ‘বন্ধু তোমাকে জানাই বিদায়’ গানটি শোনান। গানটি শোনার পরই রাজেশ ঘোষকে পরবর্তী কাজের জন্য ‘টার্গেট লক’ করেন আসিফ।
এরপর মাত্র ছয় মাসের মধ্যে একে একে তৈরি হয় ‘একাকী গভীর রাতে’, ‘কেমন আছো তুমি’, ‘ভুলতে পারিনা সাথী’, ‘ও পাষানী’, ‘প্রিয়তমারে’, ‘অভিমানী’, ‘তুমি বলো আলো’ এবং ‘তুমিই সুখী হও’-এর মতো জনপ্রিয় গান। এসব গান আসিফ আকবরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
রাজেশ ঘোষকে ‘চ্যাম্পিয়ন গীতিকবি’ আখ্যা দিয়ে আসিফ আকবর বলেন, গীতিকার নির্বাচনের পুরো দায়িত্ব মূলত রাজেশ ঘোষের ওপরই ছিল। তিনি নিজে শুধু পরামর্শ বা সাজেশনে যুক্ত থাকতেন। অন্যদিকে তার মাদার কোম্পানি সাউন্ডটেক ইলেকট্রনিকসের দায়িত্ব ছিল অর্থায়ন করা; আর গান নির্বাচনের নীতি ও গায়কীর বিষয়টি দেখতেন আসিফ নিজেই।
রাজেশ ঘোষের সৃষ্টিশীলতার প্রশংসা করে আসিফ আকবর আরও বলেন, তার মায়াবী সৃষ্টির মধ্য দিয়ে বেড়ে উঠেছে একটি বিশাল প্রজন্ম। শুধু গীতিকার হিসেবেই নয়, রাজেশ ঘোষ একজন গায়ক হিসেবেও অসাধারণ—তার কণ্ঠ ও গায়কীতেও রয়েছে স্বতন্ত্র মাধুর্য।
নিজের ক্যারিয়ারে রাজেশ ঘোষের অবদানকে বিশেষভাবে স্মরণ করে আসিফ আকবর লিখেছেন, অডিও ক্যারিয়ারে শ্রদ্ধেয় ইথুন বাবু ভাইয়ের দেওয়া ব্রেকটি তার জন্য ছিল ‘জ্যাকপট’ এবং ‘স্বাধীনতা অর্জন’। আর বাবু রাজেশ ঘোষের সৃষ্টি তাকে দিয়েছে সেই ‘স্বাধীনতার রক্ষাকবচ’।
রাজেশ ঘোষের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ আকবর বলেন, ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত হাসিখুশি, অমায়িক, নির্লোভ ও শান্তিপ্রিয় একজন মানুষ। বয়সে ছোট হলেও তিনি রাজেশ ঘোষকে সর্বোচ্চ সম্মান ও সমীহ করেন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসিফ আকবর লেখেন, ‘শুভ জন্মদিন ভাই আমার, যতক্ষণ জ্ঞান ততক্ষণ গান, অনেক আনন্দে বাঁচুন।’ একই সঙ্গে রাজেশ ঘোষের নতুন অডিও লেবেল RR Music-এর জন্যও শুভকামনা জানান তিনি।
রাজেশ ঘোষের সঙ্গে নিজের দীর্ঘদিনের সৃজনশীল সম্পর্কের স্মৃতিচারণ করে আসিফ আকবরের এই পোস্ট সংগীতাঙ্গনে দুই শিল্পীর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও উঠে এসেছে।
ভালোবাসা অবিরাম—এমন আবেগঘন শুভেচ্ছায় প্রিয় সহযোদ্ধা রাজেশ ঘোষের জন্মদিন স্মরণীয় করে তুলেছেন আসিফ আকবর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।