চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক বেল আফরোজা ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলের চারা উপহার দিয়ে তাঁকে বরণ করে নেন।

রোববার (১ নভেম্বর) বিদ্যালয়ে উপস্থিত হলে প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা ফুলের চারা দিয়ে নতুন সভাপতিকে শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি মিজানুর রহমান ছাত্রীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়টিকে শিবগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রত্যেক ছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলার প্রতিও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কোনো বখাটে বা দুর্বৃত্ত ছাত্রীদের উত্ত্যক্ত করলে কিংবা কোনো ধরনের হয়রানি করলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানাতে হবে। প্রয়োজনে লিখিত অভিযোগ দিতে হবে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
নতুন সভাপতি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এ দায়িত্ব তাঁর কাছে শুধু সম্মানের নয়, বরং একটি আমানত ও গুরুদায়িত্ব। সকলের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগতসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি।
এ সময় তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিজানুর রহমান। বিদ্যালয়ের কল্যাণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।