শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে খেজুর গাছ কাটার কাজে নেমেছেন তারা।
ভোরের কুয়াশা আর শীতের আমেজের মধ্যে খেজুর গাছের পরিচর্যা ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। কোমরে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে গাছে উঠে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার অংশ পরিষ্কার ও নির্দিষ্ট অংশ কেটে প্রস্তুত করছেন তারা। কয়েক দিনের ব্যবধানে গাছে হাঁড়ি বা মাটির পাত্র ঝুলিয়ে শুরু হবে সুস্বাদু খেজুরের রস সংগ্রহ।
ফুলতলা গ্রামের খেজুর গাছি শাহাদাত জানান, প্রতি শীত মৌসুমে তিনি প্রায় ১২০ থেকে ১৬০টি খেজুর গাছ কাটার পরিকল্পনা করেছেন। শীতের তীব্রতা ও গাছের অবস্থার ওপর রসের পরিমাণ নির্ভর করে। সব গাছে সমানভাবে রস পাওয়া যায় না। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিদিন ভালো পরিমাণ রস সংগ্রহ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, খেজুরের রস ও গুড় বিক্রি করে শীত মৌসুমে কিছু বাড়তি আয় হয়। তবে গাছ কাটা, রস সংগ্রহ ও গুড় তৈরিতে অনেক পরিশ্রম করতে হয়। বর্তমানে খরচও বেড়েছে। তারপরও বাপ-দাদার এই পেশা ধরে রেখেছি। শীত মৌসুমের আয় আমাদের সংসার চালাতে কিছুটা সহযোগিতা করে।
স্থানীয় এক বাসিন্দা মুস্তাকিম বলেন, শীত এলেই খেজুরের রসের জন্য অপেক্ষা করি। ছোটবেলা থেকেই খেজুরের রস ও গুড়ের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। এখন গাছিরা গাছ কাটতে শুরু করেছেন। আশা করছি, কিছুদিনের মধ্যেই গ্রামের মানুষ তাজা খেজুরের রস খেতে পারবেন।
খেজুরের রস শুধু একটি মৌসুমি পানীয় নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ। শীতের সকালে খেজুরের তাজা রস, রস দিয়ে তৈরি গুড়, পাটালি ও পিঠাপুলির স্বাদ নিতে মুখিয়ে থাকেন সব বয়সের মানুষ।
তবে আধুনিকতার ছোঁয়া, খেজুর গাছের সংখ্যা কমে যাওয়া এবং পেশাদার গাছির অভাবে এই ঐতিহ্যবাহী পেশা দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। ফলে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণ এবং গাছিদের পেশায় টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
সব মিলিয়ে শীতের আগমনে কয়রার গ্রামীণ জনপদে খেজুর গাছিদের কর্মব্যস্ততা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এখন গাছিদের অপেক্ষা, কবে গাছে হাঁড়ি ঝুলবে, আর ভোরের আলো ফোটার আগেই হাঁড়িভর্তি তাজা রস নিয়ে ফিরবেন বাড়িতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।