ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশারকুণ্ডু গ্রামের পাঁচ ব্যক্তির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। মামলার নথিতে তাঁদের নাম থাকলেও এখনো গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, তাঁরা এলাকায় অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন তৎপরতায় যুক্ত রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।
অভিযুক্ত পাঁচজন হলেন—খোরশেদ আলম, তাঁর ছেলে শাহাদত হোসেন, মেয়ে জান্নাতুল ফেরদৌস তন্নী, সফিউদ্দীনের ছেলে উজ্জল হোসেন এবং কাউসার আলীর ছেলে লাভলু রহমান লাবু। তাঁদের স্থায়ী ঠিকানা কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশারকুণ্ডু গ্রাম বলে জানা গেছে।
প্রাপ্ত মামলার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৭ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানায় মো. বাবুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ৬২। এতে দণ্ডবিধির ১৪৩/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
একই তারিখে যাত্রাবাড়ী থানায় আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার নম্বর ৬৮। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ মোট ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খন্দকার সালেহ আবু নাঈমের প্রতিবেদনে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনায় গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ এবং ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
মামলার আসামির তালিকায় খোরশেদ আলমকে ১৬১ নম্বরে রাখা হয়েছে। নথিতে তাঁকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগও আনা হয়েছে।
তাঁর ছেলে শাহাদত হোসেন ১৬২ নম্বর আসামি। মামলার নথিতে তাঁকে জেলা যুবলীগের সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। উজ্জল হোসেন রয়েছেন ১৬৩ নম্বরে। তাঁকে জেলা যুবলীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। জান্নাতুল ফেরদৌস তন্নীর নাম রয়েছে ১৬৪ নম্বরে। তাঁকে যাত্রাবাড়ী থানা যুব মহিলা লীগের সাহিত্য সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অন্যদিকে, শিশারকুণ্ডু গ্রামের লাভলু রহমান লাবু রয়েছেন ২৩৬ নম্বর আসামির তালিকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও তাঁদের গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে।
এদিকে, ২০২৪ সালের ২৫ নভেম্বর শাহাদত হোসেন ও উজ্জল হোসেনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান (পুটেপাড়া) গ্রামের নজরুল ইসলামের মেয়ে ঝুমুর খাতুন ধর্ষণের অভিযোগে মামলা করেন। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয় বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারসহ যেকোনো ধরনের আইনি সহায়তা চাইলে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।