সকল মেনু

সবশেষ

​সুন্দরবন দস্যুমুক্ত করার আন্দোলনে নামায় ৩০ জেলেকে অপহরণ: থামছে না উপকূলের আতঙ্ক

ফন্ট সাইজ:
2Shares

সুন্দরবনকে পুরোপুরি বনদস্যুমুক্ত করার দাবিতে উপকূলজুড়ে জেলে, বাওয়ালি ও বনজীবীদের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনের নদী ও খালের বুকজুড়ে। দস্যুদের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন, বিক্ষোভ ও নৌ-সমাবেশে অংশ নেওয়া জেলেদের ছবি দেখে পরিচয় শনাক্ত করে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর পাশাপাশি বেড়েছে দস্যুদের নির্বিচারে চাঁদাবাজি ও অপহরণের মাত্রা। মোটা অঙ্কের চাঁদা পরিশোধ করার পরও মিলছে না কোনো নিরাপত্তা। ফলে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন উপকূলীয় অঞ্চলের লাখো জেলে পরিবার।

​সাম্প্রতিক সময়ে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সুন্দরবসংলগ্ন খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান, কালাবগী; কয়রা উপজেলার ভাগবা, হড্ডা, মহেশ্বরীপুর, মঠবাড়ী, কয়রা, পাতাখালি, জোড়শিং, আংটিহার, গোলখালি, ঘড়িলাল, দশহালিয়া, গোবরা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ ও রমজাননগরসহ বিভিন্ন এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জীবিকার তাগিদে বনে গেলেও স্বজনদের নিরাপদে ফিরে আসা নিয়ে শঙ্কায় থাকছেন পরিবারগুলোর সদস্যরা।

​দস্যুমুক্ত আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন লিটন জানান, সুন্দরবনকে স্থায়ীভাবে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে গত ২৮ অক্টোবর শ্যামনগরের গাবুরা এলাকা থেকে এই আন্দোলন শুরু হয়। পর্যায়ক্রমে তা সুন্দরবনসংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও নৌ-সমাবেশের মাধ্যমে বনজীবীরা তাঁদের নায্য দাবি জানিয়ে আসছেন।

​এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে গত ৯ নভেম্বর শ্যামনগরের খোলপেটুয়া নদীতে নৌকা নিয়ে অভিনব কায়দায় মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলেরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা ওই কর্মসূচিতে বিভিন্ন নৌকায় প্ল্যাকার্ড হাতে অংশ নেন তারা।

​তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এসব কর্মসূচির ছবি ও ভিডিও প্রকাশের পরই বিপাকে পড়েছেন জেলেরা। অভিযোগ উঠেছে, আন্দোলনকারীদের ছবি দেখে তাঁদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে দস্যুরা এবং বিভিন্ন মাধ্যমে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া জেলে সাইফুল ইসলাম বলেন, “আন্দোলনের ছবি ও ভিডিও দস্যুদের হাতে পৌঁছানোর পর থেকেই আমাদের হুমকি দেওয়া হচ্ছে। ফলে দস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এখন নিজেদের জীবন নিয়ে চরম শঙ্কায় আছি।”

​ভুক্তভোগী জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খাল থেকে অন্তত ৩০ জন জেলেকে অপহরণ করা হয়েছে। ফিরে আসা জেলেদের ভাষ্যমতে, বুড়ির ডুরি, ফুলতলা, শিবসা, নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাঁদের জিম্মি করা হয়। অপহৃত জেলেদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়েছে।

​মুন্সিগঞ্জের মৌখালি গ্রামের জেলে খোকন গাজী জানান, আগে বন বিভাগের বৈধ পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণ করা যেত। কিন্তু বর্তমানে বন বিভাগের পাসের পাশাপাশি বিভিন্ন দস্যু বাহিনীর কাছ থেকেও অনুমতি বা কথিত ‘কার্ড’ সংগ্রহ করতে হচ্ছে।

​একেকটি নৌকার জন্য বিভিন্ন বাহিনীকে আলাদাভাবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। অনেক এলাকায় একাধিক বাহিনীকে চাঁদা দিতে বাধ্য করা হয়। দস্যুরা পাঁচ বা দশ টাকার ব্যাংক নোটকে কথিত কার্ড হিসেবে ব্যবহার করে থাকে এবং নোটির নম্বর নিজেদের খাতায় লিখে রাখে। বনে প্রবেশের সময় সেই নম্বর মিলিয়ে দেখা হয়।

​জেলেদের অভিযোগ, এক বাহিনীকে চাঁদা দেওয়ার পরও অন্য বাহিনীর সীমানায় প্রবেশ করলে পুনরায় টাকা দিতে হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জেলেদের আটকে রেখে শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মাছ ও কাঁকড়া বিক্রি করে যা আয় হয়, তার সিংহভাগই চলে যায় এই চাঁদা ও মুক্তিপণ পরিশোধে। অনেক ক্ষেত্রে এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে জেলেদের বনে যেতে হচ্ছে।

​এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, “সুনির্দিষ্ট তথ্য পেলে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করব। জেলে অপহরণের বিষয়ে আমরাও শুনেছি, তবে এখনো পর্যন্ত কোনো জেলের পরিবার আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ফন্ট সাইজ:
2Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।