সকল মেনু

সবশেষ

পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা: হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল

ফন্ট সাইজ:
0Shares

শরতের শুরুতেই দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে আবহাওয়া চরম এক ব্যতিক্রমী রূপ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত হঠাৎ করেই পুরো জেলা ঢেকে যায় ঘন কুয়াশার চাদরে।

হঠাৎ এই ঘন কুয়াশার কারণে শহর ও গ্রামের পথঘাট ঝাপসা হয়ে পড়ে। ফলে সড়কগুলোতে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যানবাহনের গতি নামিয়ে আনেন চালকেরা। ভোরে মহাসড়ক ও আঞ্চলিক পথগুলোতে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়।

ভোরে এই ঘন কুয়াশা দেখে স্থানীয়দের মনে শীতের আগমনের অনুভূতি তৈরি হলেও বাস্তবে তখন তাপমাত্রা ছিল স্বাভাবিক—২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা এই অসময়ের কুয়াশায় বেশ অবাক হন।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। মাত্র কয়েক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন ঘন কুয়াশা আমি আগে কখনো দেখিনি।”

একই অভিজ্ঞতার কথা জানান স্থানীয় অটোচালক আব্দুর রহিম। তিনি বলেন, “সকালে অটো নিয়ে বের হয়ে দেখি রাস্তাঘাট কিছুই দেখা যায় না। বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে খুব ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরে কুয়াশা থাকলেও তাপমাত্রা স্বাভাবিকই ছিল। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যেখানে আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করছে।

শরতের এই সময়ে হঠাৎ কুয়াশা পড়ার ভৌগোলিক ও বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “শরৎকালের প্রারম্ভে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার তারতম্যের কারণেই আবহাওয়াতে এমন আকস্মিক পরিবর্তন দেখা যাচ্ছে। এছাড়া আকাশে দীর্ঘ সময় মেঘ জমে থাকা এবং হঠাৎ তা সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার প্রক্রিয়াটি এই অসময়ের কুয়াশা তৈরিতে মূল ভূমিকা রেখেছে।”

তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো প্রখর হতে শুরু করলে ধীরে ধীরে কুয়াশা কেটে যায় এবং জেলার সার্বিক পরিবেশ ও যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।