সকল মেনু

সবশেষ

সার পাচারের দায়ে দণ্ডিত ব্যক্তিকে ডিলার নিয়োগের অভিযোগ, কৃষকদের মানববন্ধন।

ফন্ট সাইজ:
0Shares

সার পাচারের দায়ে মোবাইল কোর্টে অর্থদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, রাজু আহমেদ, কাজল মিয়া, আকবর হোসেন, প্রান্ত দে, মিছবাহ ও অলক বর্মনসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে আবার সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হলে কৃষকরা নতুন করে সার সিন্ডিকেটের কবলে পড়তে পারেন। এতে সরকারি বরাদ্দের সার বিতরণে অনিয়ম ও কৃষকদের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট ব্যক্তির ডিলার নিয়োগের আবেদন বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান তারা।

স্মারকলিপি সূত্রে জানা যায়, জেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়নভিত্তিক সার ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জামালগঞ্জ উপজেলার ৬ নম্বর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ডিলার পদে আবেদন করেন হুজাইফা মাহমুদ ফাহাদ। তিনি ইউনিয়নের কামলাবাজ গ্রামের আলমগীরের ছেলে।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, হুজাইফা মাহমুদ ফাহাদ এর আগে বিভিন্ন স্থানে অবৈধভাবে সার পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৬ সালের ২৬ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকায় বোঝাই সারসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এ-সংক্রান্ত মামলার নম্বর ০৪/২০২৬।
স্মারকলিপিতে আরও বলা হয়, সার পাচারের দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়া হলে ভবিষ্যতে সার বিতরণে অনিয়ম ও পাচারের আশঙ্কা রয়েছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন সাধারণ কৃষকরা। তাই তার অতীত কর্মকাণ্ড ও ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে ডিলার পদে তার আবেদন বাতিলের দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে কোনোভাবেই অনিয়ম বা পাচারের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও আবেদনকারীর অতীত কর্মকাণ্ড যাচাই করা জরুরি। তারা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে হুজাইফা মাহমুদ ফাহাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। প্রথমবার ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, এর আগেও এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।