সকল মেনু

সবশেষ

ময়মনসিংহ রেঞ্জে নতুন আর আর এফ গঠন, সৃষ্ট হচ্ছে আরও ২৮০ পদ।

ফন্ট সাইজ:
0Shares

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রেঞ্জের অধীনে নতুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) গঠনের অনুমোদন দিয়েছে সরকার। এতে পুলিশের কার্যক্রমকে গতিশীল করতে আরও ২৮০ পদ সৃষ্টি ও একই সাথে আরও আটটি যানবাহন টিওঅ্যান্ডইভুক্ত করার সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জ পুলিশের সাংগঠনিক সক্ষমতা সম্প্রসারণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন ইউনিটটি চালু হলে প্রয়োজনীয় জনবল ও যানবাহনের মাধ্যমে রেঞ্জ পুলিশের কার্যক্রমে অতিরিক্ত সক্ষমতা যুক্ত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে এ-সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়।
আদেশে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ। পরবর্তী সময়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে ১৭ নভেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান।
অনুমোদিত ২৮০টি পদের মধ্যে রয়েছে একজন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), একজন পুলিশ সুপার (এসপি), দুজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), চারজন পুলিশ পরিদর্শক (সশস্ত্র), পাঁচজন এসআই (নিরস্ত্র), ১২ জন এসআই (সশস্ত্র), দুজন এএসআই (নিরস্ত্র), ২০ জন এএসআই (সশস্ত্র), ২০ জন নায়েক এবং ২০০ জন কনস্টেবল।
এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সহকারী, স্টেনোগ্রাফার, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বিক্রয় সহকারী, ওজনদার ও অফিস সহায়ক পদ সৃষ্টি করা হয়েছে।
নতুন ইউনিটের জন্য অনুমোদিত আটটি যানবাহনের মধ্যে রয়েছে একটি জিপ, দুটি ডাবল কেবিন পিকআপ, একটি তিন টনের ট্রাক, একটি পাঁচ টনের ট্রাক, একটি বাস এবং দুটি মোটরসাইকেল।
মঞ্জুরি আদেশে বলা হয়েছে, এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দকৃত অর্থ থেকে নির্বাহ করা হবে।একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।
নতুন আরআরএফ গঠনের মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সাংগঠনিক কাঠামো আরও সম্প্রসারিত হবে। প্রয়োজনীয় জনবল ও যানবাহন সংযোজনের ফলে দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের সমন্বয় এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় রেঞ্জ পুলিশের সক্ষমতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।