খুলনার কয়রা উপজেলায় সুন্দরবনে সক্রিয় বিভিন্ন বনদস্যু বাহিনীকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট ও পানির জারসহ ১৯ ধরনের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
পুলিশ ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনে দীর্ঘদিন ধরে সালাম, মনঞ্জু, অলী, ফজলু, মিঠু ভাই ভাই, বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনী তৎপর রয়েছে। লোকালয়ের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে এসব বনদস্যুর গোপন যোগাযোগ রয়েছে এবং তারা বনদস্যুদের নিয়মিত খাবার, বিশুদ্ধ পানি ও প্রাত্যহিক ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাচার করে আসছেন—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল তৎপর হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলার ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানকালে বনদস্যুদের উদ্দেশ্যে খাবার ও রসদ বহনের সময় সন্দেহভাজন ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে দস্যুদের ব্যবহারের জন্য নেওয়া ১৯ ধরনের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: দুই বস্তা (৫০ কেজি) চাল। ৩৬ লিটার সয়াবিন তেল।
আড়াই লিটার কেরোসিন ও ১ লিটার সরিষার তেল। ৮০ প্যাকেট সিগারেট ও ৪৮টি দিয়াশলাই (স্লিপ/ম্যাচ)। চার প্যাকেট মশার কয়েল। আটটি পানির জার। একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিভিন্ন ধরনের বিস্কুট, জরুরি ওষুধ, লিপজেল, মসলা, রান্নার কেটলি, গেঞ্জি ও গামছা।
সংবাদ সম্মেলনে কয়রা থানার ওসি মো. রাশেদুল আলম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে তাদের নিয়মানুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। সুন্দরবনের নিরাপত্তা রক্ষায় এবং বনদস্যুদের মদদদাতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।