সকল মেনু

সবশেষ

ধর্মপাশায় পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১৬ জন আহত,হাসপাতালে ভর্তি ১

ফন্ট সাইজ:
0Shares

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাগলা শিয়ালের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে গতকাল শনিবার দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় টিটন কে (৩৫) ধর্মপাশা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। হঠাৎ করে শিয়ালের এমন আকস্মিক ও ধারাবাহিক আক্রমণে পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আহত ব্যক্তিরা হলেন, হলিদাকান্দা গ্রামের লিয়াকত আলীর মেয়ে রূপা আক্তার (১৫), নোয়াবন গ্রামের এরশাদ মিয়ার মেয়ে তামান্না আক্তার (৮) ও জিয়াউর রহমানের মেয়ে মনি আক্তার (২৫), ধর্মপাশা গ্রামের আব্দু সামাদের ছেলে মির্জা আলম (৩৪), আব্দুল হাকিমের ছেলে ইজাজুল (২৭), শ্যামল সরকারের ছেলে সারন সরকার (১২), সুরুজ আলীর ছেলে মুফতি আব্দুল কাওসার (৪০), মো. বাবুল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (২২), বিদুর ছেলে বিজয় (১৭), মৃত নুরুল ইসলামের ছেলে চাঁদ (২২), ফাতেমানগর এলাকার ওয়াহেদ আলীর ছেলে সবুজ মিয়া (৫৫), বাবলু মিয়ার স্ত্রী বিলকিস (২৬), কামলাবাজ গ্রামের হাজি জামিল উদ্দিনের ছেলে নুরুল আমিন (৬৫), আহমদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫), জয়শ্রী গ্রামের নিখিলের ছেলে টিটন (৩৫) এবং বানারশিপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে শিপন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই বিভিন্ন গ্রামের লোকজন বাড়ির আঙিনায় বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় হঠাৎ একটি বা একাধিক শিয়াল তাদের ওপর আকস্মিক আক্রমণ চালায় এবং কামড়ে জখম করে পালিয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে একের পর এক শিয়ালের কামড়ের শিকার হয়ে রোগীরা ধর্মপাশা সদর হাসপাতালে ছুটে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UFPO) ডাঃ সুবীর সরকার জানান, আহতদের সবাইকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় এ ধরনের পশুর উপদ্রব রোধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।