Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে ৫৩ বিজিবি

লেখক: মো:সামিরুল ইসলাম, | চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি বছরের প্রথম ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৪৩১ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ৫৩ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ৫৪ দশমিক ০৫ কিলোমিটার। এ এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১৯টি ককটেল, ৩২৬টি গবাদিপশু, ৩৮৫টি মোবাইল ফোন, ২২৬ কেজি বিড়ির পাতা, ১৬৩ কেজি বিড়ির মসলা ও ৫ হাজার ২৯৭ প্যাকেট বিড়ি।

এ ছাড়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৮৯ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৩৫ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ৫০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, ৬৭৭ বোতল বিদেশি মদ, ১ দশমিক ৯৬০ কেজি হেরোইন এবং ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট।

৫৩ বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, বিস্ফোরক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশন বাস্তবায়নে ব্যাটালিয়নের সদস্যরা দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করেছে ৫৩ বিজিবি।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/crime/2026/11/24/news_id:26228/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ