Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ণ

দুবলার চরে রাস উৎসব ঘিরে ৫ নৌপথ নির্ধারণ, কয়রা রুটে যাত্রীর অনাগ্রহ

লেখক: ​মাসুম বিল্লাহ,  | কয়রা, (খুলনা) প্রতিনিধি:

​বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবনের দুবলার চরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। দেশ-বিদেশের তীর্থযাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। তবে নির্ধারিত পথগুলোর একটি খুলনার কয়রা ও কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন হয়ে গেলেও পর্যাপ্ত যাত্রী ও ট্রলারের বহর না থাকায় এ রুট দিয়ে পুণ্যার্থীদের সাড়া মিলছে না।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রাসপূর্ণিমা পূজা ও পুণ্যস্নানে কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাকে নির্ধারিত পাঁচটি নৌপথের যেকোনো একটি ব্যবহার করে কেবল দিনের বেলায় চলাচল করতে হবে।

​কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সাদিকুজ্জামান জানান, কয়রায় পর্যাপ্ত যাত্রী ও একসঙ্গে বহর বেঁধে যাওয়ার মতো ১০-১৫টি ট্রলার নেই, জনবলও কিছুটা কম। পাস দেওয়ার ব্যবস্থা থাকলেও নিরাপত্তার স্বার্থে দলবদ্ধভাবে যাওয়ার সুবিধার্থে স্থানীয় পুণ্যার্থীরা নলিয়ান ও কালাবগী স্টেশন ব্যবহার করে পাস নিচ্ছেন।
অন্যদিকে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নাছির উদ্দিন জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন তীর্থযাত্রীদের সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং প্রতিটি যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।

​বন বিভাগের নির্ধারিত পাঁচ নৌপথ হচ্ছে,
​প্রথম পথ: বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর। ​দ্বিতীয় পথ: কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, সেখান থেকে শিবসা নদী ও মরজাত দিয়ে দুবলার চর। ​তৃতীয় পথ: নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী দিয়ে দুবলার চর। ​চতুর্থ পথ: ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদ হয়ে দুবলার চর। এবং ​পঞ্চম পথ: বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।

​সুন্দরবনের পরিবেশ ও বন্য প্রাণীর নিরাপত্তা রক্ষায় উৎসব চলাকালে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—রাতের বেলায় নৌযান চলাচল, যত্রতত্র নোঙর করা, একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) প্লাস্টিক বহন, শব্দদূষণ বা মাইক বাজানো এবং যেকোনো অবৈধ সরঞ্জাম নেওয়ার ওপর নিষেধাজ্ঞা।

​এ ছাড়া ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং তল্লাশিচৌকি ছাড়া নৌযান থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, গায়ে সিরিয়াল নম্বর ও যাত্রীসংখ্যা লেখা, জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং আলোরকোল নিয়ন্ত্রণকক্ষকে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

​সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় সুত্রে জানাগেছে, তীর্থযাত্রীদের নিরাপদ যাতায়াত এবং বন্য প্রাণী রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। উৎসব চলাকালে নদী ও বনাঞ্চলে বন বিভাগের পাশাপাশি নৌ পুলিশ, র‍্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারিতে দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/stories/2026/11/20/news_id:26144/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০৮:৫৮ অপরাহ্ণ