Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০২:০৪ অপরাহ্ণ

হোমিওপ্যাথিক চিকিৎসকদের ৪ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।

লেখক: গোলাম মোস্তফা :

হোমিওপ্যাথিক ওষুধের মাদক আইনে অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিল, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ কাঠামো গঠন, ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি এবং বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

১৮ নভেম্বর সকাল ৯টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শরীয়তপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, নড়িয়া, শরীয়তপুরের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোহাম্মদ মজিবুল্লাহ মুজিব। কর্মসূচি সঞ্চালনা করেন ডা. মো. ফারুক আহমেদ মজুমদার।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক জটিলতা এবং আইন বাস্তবায়নের ধীরগতির কারণে সংকটের মুখে রয়েছে। এতে চিকিৎসক, শিক্ষক, ঔষধ ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে সরকারের কাছে প্রধানত চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমিওপ্যাথিক ওষুধের অযৌক্তিক অন্তর্ভুক্তি বাতিল এবং ঔষধীয় প্রয়োজনে রেক্টিফাইড স্পিরিট বা ইথাইল অ্যালকোহল আমদানি, সংরক্ষণ ও ব্যবহারের জন্য সহজ ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন।

ডিএইচএমএস চিকিৎসকদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন।

ডিএইচএমএস ডিগ্রিধারী চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পৃথক পদ সৃষ্টি এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির সুযোগ নিশ্চিত করা।

বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সরকারি বেতন স্কেল অনুযায়ী শতভাগ বেতন-ভাতা নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং হোমিওপ্যাথিক চিকিৎসাসেবার উন্নয়নে সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং ডিএইচএমএস চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানান তাঁরা।

এ সময় বক্তারা নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁদের স্লোগান ছিল— ‘আসুন, ঐক্যবদ্ধ হই, ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হই।’

মানববন্ধন শেষে উত্থাপিত চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/bangladesh/dhaka/2026/11/18/news_id:26060/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ