Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ণ

রংপুরে গভীর রাতে কোচিং সেন্টারের মিনিবাসে দুর্বৃত্তদের আগুন।

লেখক: রওশন বাবু | রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি

রংপুর নগরীর পর্যটন মোড় এলাকায় গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মিনিবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফুরফুরা খানকা শরিফ সংলগ্ন সড়কে পার্ক করা অবস্থায় বাসটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুড়ে যাওয়া ২৮ আসনের মিনিবাসটি স্থানীয় ‘লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টার’-এর ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতির পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শিক্ষার্থীদের আনা-নেওয়া শেষে কোচিং সেন্টারের সামনে বাসটি রাখা হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, অগ্নিসংযোগের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। দেশের অন্যান্য স্থানের সাম্প্রতিক নাশকতার ধারাবাহিকতায় শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত চলছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ আলম জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ শুরু হয়েছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম আক্ষেপ প্রকাশ করে বলেন, “গত ২২ বছর ধরে রংপুরে নিষ্ঠার সাথে শিক্ষকতা করছি, কারও কোনো ক্ষতি করিনি। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে একমাত্র এই বাসটি কিনেছিলাম। রাতের আঁধারে সেটি পুড়িয়ে দেওয়ায় আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রম বড় ধাক্কা খেল। এখন আবাসিক শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে আমরা চরম অনিশ্চয়তায় আছি।”

নগরীর ব্যস্ত ও শান্তিপূর্ণ একটি এলাকায় এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/bangladesh/rangpur/2026/11/18/news_id:26017/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ