জয়পুরহাটের পাঁচবিবি পৌর পার্কের সামনে আলতাফ আলী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি ফার্নিচার ও একটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে দোকান দুটির আসবাবপত্র, ব্যবসায়িক পণ্য ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের সাইদার ইসলামের মালিকানাধীন ‘দিশারী ফার্নিচার’ দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের সৈয়দ মাসুদ আহমেদের মুদির দোকানে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দোকান দুটির ভেতরে থাকা মালামাল বের করার সুযোগ পাননি ব্যবসায়ীরা। বিশেষ করে মুদির দোকানটিতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। দীর্ঘ দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসে ফোন করা হলেও প্রথমদিকে কল রিসিভ করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের দাবি, সময়মতো সাড়া পাওয়া গেলে আগুনের বিস্তার ও ক্ষয়ক্ষতি আরও কমানো সম্ভব হতো।
জয়পুরহাট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bbcnews24bd.com/business/2026/11/18/news_id:25987/© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ