Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ

‎আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের

লেখক: ‎আবু ইউসুফ নাঈম | জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট ও টোল আদায় কেন্দ্র এবং ফেনারবাঁক ইউনিয়নের গাজরিয়া এলাকায় বিআইডব্লিউটিএর এলসি ও বার্থিং চার্জ আদায় নিয়ে সৃষ্ট বিরোধের পর নতুন করে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জের ইজারাদার ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান জিয়া সংবাদ সম্মেলন করে এ তথ্য গণমাধ্যমকে জানান।
‎
‎জানা যায়, চলতি বছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পূর্বনির্ধারিত টোল আদায়ের হার পরিবর্তন করে পরবর্তী সময়ে জারি করা স্মারকের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
‎
‎এদিকে আদালতের আদেশের পর মঙ্গলবার থেকে পূর্বের চুক্তি ও নির্ধারিত সিডিউল অনুযায়ী পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ইজারাদাররা।
‎
‎লিখিত বক্তব্যে তারা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লিখিত চুক্তিপত্রের মাধ্যমে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলীকে নির্ধারিত হারে টোল ও সংশ্লিষ্ট চার্জ আদায়ের অনুমতি দেয়। চুক্তি অনুযায়ী তারা টোল আদায় কার্যক্রম শুরু করেন। তবে নির্ধারিত হারে টোল আদায়কে অতিরিক্ত দাবি করে তা কমানোর দাবিতে আন্দোলনে নামেন স্থানীয় ক্রাশার মিল মালিক, নৌকা মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতারা।
‎
‎এমন পরিস্থিতিতে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের অংশগ্রহণে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পূর্বে নির্ধারিত টোলের হার বাতিল করে নতুন স্মারকের মাধ্যমে সংশোধিত হার নির্ধারণ করে। তবে নতুন নির্ধারিত হারে টোল আদায়ে সম্মত হননি ইজারাদাররা। এ নিয়ে বিরোধের জেরে তারা আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন।
‎
‎সংবাদ সম্মেলনে ইজারাদাররা জানান, হাইকোর্ট তাদের দাখিল করা প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পূর্বের সিডিউল অনুযায়ী চুক্তি পুনর্বহাল রাখার নির্দেশনা দিয়েছেন। আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ১৭ নভেম্বর মঙ্গলবার থেকে পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
‎
‎লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিআইডব্লিউটিএর দ্বিতীয় দফায় জারি করা স্মারক চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গত দুই মাস ধরে তারা টোল আদায় কার্যক্রম বন্ধ রেখেছিলেন। এ অবস্থায় উপজেলা প্রশাসনের প্রতি তাদের বিনীত অনুরোধ, যাতে তারা বৈধভাবে ও সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।
‎
‎সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও ওয়াহেদ আলী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/bangladesh/2026/11/17/news_id:25981/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ০৬:৪৭ অপরাহ্ণ