বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণরত ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার স্টাডি ট্যুরের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টার্সে আগমন করেন। এ সময় তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ উপলক্ষ্যে আজ ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় লালদিঘীস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসান মো: শওকত আলী।
সভায় সিএমপির প্রশাসনিক কাঠামো, কার্যক্রম, সাফল্য ও চ্যালেঞ্জসমূহের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে নিজেদের পেশাগত জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার মহোদয় নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাঁদের পেশাগত জীবনের শুরু থেকেই সততা, নিষ্ঠা, সাহসিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশিং প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে সিএমপির পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের স্মারক উপহার প্রদান করা হয়। পরবর্তীতে সিএমপি কমিশনার মহোদয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ নৈশভোজে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।