সকল মেনু

সবশেষ

রাজধানীর লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা

ফন্ট সাইজ:
0Shares

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলামের অবস্থান শনাক্ত করে বিকেলে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলায়। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে তিনি তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সরব ছিলেন তিনি। সর্বশেষ গত রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, ডিসেম্বর মাসে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা দেশে প্রবেশ করবেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।