মো : আমিরুল ইসলাম:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের শুদ্ধ উচ্চারণে ক্বেরাত চর্চা এবং সুললিত কণ্ঠে আযান প্রদানে উৎসাহিত করতে আয়োজিত আযান ও ক্বেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বাদ জুম্মা পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, গত ১১ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী আযান ও ক্বেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন সেক্টরের বিজিবি সদস্যরা অংশ নেন।
আযান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রামু সেক্টরের অধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। একই প্রতিযোগিতায় ঢাকা সেক্টরের অধীন ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর সিপাহী মো. সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান লাভ করেন।
অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় শ্রীমঙ্গল সেক্টরের অধীন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর নায়েক মো. বিলাল আহমদ প্রথম স্থান অর্জন করেন। কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম দ্বিতীয় স্থান লাভ করেন।
এছাড়া আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুষ্টিয়া সেক্টর রানারআপ হয়।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক ধর্মীয় অনুশীলনের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।
