সারোয়ার পারভেজ বাবু,
ময়মনসিংহ বিভাগীয় চীফ ক্রাইম রিপোটার
নেত্রকোনা জেলা সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেত্রকোনার বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। বৃহস্পতিবার (১২ মার্চ, ২২ রমজান) নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
মাহফিলে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন খান রনি গণমাধ্যমকর্মীদের ‘সমাজের বিবেক’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন,
“সাংবাদিকবৃন্দ সমাজ বিবেকের স্থান নিয়ে বসে আছেন। আপনাদের চোখ দিয়ে মানুষ পৃথিবীকে নতুনভাবে দেখে।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি তার পিতা, নেত্রকোনার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানের স্মৃতিচারণ করেন। তিনি তার পিতা, নিজের এবং তার পরিবারের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিনের ইফতার আয়োজনে একটি ব্যতিক্রমী উদ্যোগ সকলের নজর কাড়ে। ইফতার সামগ্রীর প্রত্যেকটি প্যাকেটের গায়ে পরিবেশ রক্ষা ও নাগরিক সচেতনতামূলক বিভিন্ন স্লোগান যুক্ত করে দেন বিএনপি’র এই নেতা।
প্যাকেটগুলোতে লেখা ছিল- ‘আজ লাগাই গাছের চারা, আগামী হোক সবুজে ভরা’, ‘একটি গাছ একটি প্রাণ, ফুল ও ফল ঔষধি গাছ বাঁচুক আমাদের প্রাণ’, এবং ‘আমার বাড়ি আমার শহর যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি বাঁচবে পরিবার’।
রনি তার বক্তব্যে নেত্রকোনা শহর এবং দেশের প্রকৃতি ও পরিবেশ ভালো রাখার ক্ষেত্রে সাংবাদিকদের বড় ভূমিকা পালনের অনুরোধ জানান। তিনি বলেন, “আপনাদের হাত দিয়ে, আপনাদের কলমের জোরে, আপনাদের কথার জোরে এবং বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এদেশের মানুষ নতুন বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারবে।”
ইফতার ও দোয়া মাহফিলে নেত্রকোনা পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা প্রেসক্রাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরীসহ প্রেসক্লাবের সম্মানিত নেতৃবৃন্দ এবং জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
