মোঃ রাসেল আহমেদ, নেএকোনা প্রতিনিধি।
নেত্রকোনার মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে শ্বশুরের ঘরে চুরির ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার মধ্যবাজার এলাকার মৃত অনিল চন্দ্র কর্মকারের ছেলে বর্মন চন্দ্র কর্মকার (৫০) ও তার ছেলে অরুণ চন্দ্র কর্মকার (৩০)।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন বর্মনের ঘর থেকে প্রায় সাড়ে চার আনা স্বর্ণালঙ্কার ও সাত ভরি রুপা চুরি হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।
পরে খোঁজ নিয়ে জানা যায়, গফরগাঁও বাজারের ‘মা-মনি জুয়েলার্স’ নামের একটি দোকানে চুরি হওয়া স্বর্ণ ও রুপা বিক্রি করা হয়েছে। অভিযোগ রয়েছে, রতন বর্মনের ছোট ভগ্নিপতি অরুণ চন্দ্র কর্মকার তার বাবা বর্মন চন্দ্র কর্মকারকে সঙ্গে নিয়ে এসব স্বর্ণ ও রুপা বিক্রি করেন।
শনিবার রাতে স্থানীয়রা অরুণ চন্দ্র কর্মকার ও তার বাবা বর্মন চন্দ্র কর্মকারকে আটক করে মদন থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান বলেন, “চুরির ঘটনায় বাবা-ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
