বিশেষ প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
বাংলাদেশের প্রয়োজনের অধিক চিন্তাশীল ও বিচক্ষণ ব্যক্তি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে, বিদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সেবায় নারীর অধিকতর সম্পৃক্ততা অপরিহার্য। শনিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনগুলোতে নারী কর্মকর্তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এটি কূটনীতিতে ধীরে ধীরে নারীর প্রতিনিধিত্ব বাড়ার বিষয়টিকে প্রতিফলিত করছে।
শামা ওবায়েদ বলেন, ‘অনেক নারী ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমাদের মিশনগুলোতে কাজ করছেন। এই অংশগ্রহণ আরও বাড়াতে হবে, যাতে তারা পররাষ্ট্রনীতি নির্ধারণে সরাসরি ভূমিকা রাখতে পারেন।’
তিনি বলেন, আরও বেশি নারীকে ফরেন সার্ভিস ও কূটনৈতিক ক্যাডারে যোগদানে উৎসাহিত করলে তাদের প্রতিভা, যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক উন্নত করা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, নেতৃত্ব ও নীতিনির্ধারণী ভূমিকায় নারীদের আরও সুযোগ দিতে হবে, যাতে আন্তর্জাতিক আলোচনায় ও কূটনৈতিক সম্পৃক্ততায় তাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়।
নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নারীর ক্ষমতায়ন দীর্ঘদিন ধরেই তার দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
তিনি বলেন, ‘ক্ষমতায়ন অর্থবহ করতে হলে তৃণমূল পর্যায় থেকে তা শুরু করতে হবে।’
সাক্ষাৎকারে শামা ওবায়েদ বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী জাতীয় উন্নয়নে অবদানের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে, যাতে তারা কোনো বাধার সম্মুখীন না হন।
প্রতিমন্ত্রী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও অনলাইন হয়রানি মোকাবিলায় সরকারি সংস্থা, এনজিও ও আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
শামা ওবায়েদ নারীদের সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের আহ্বান জানান।
রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নারীদের প্রচার-প্রচারণায় সম্পৃক্ত করলেও প্রার্থী হিসেবে তাদের মনোনয়ন দেয় না বললেই চলে।
এ প্রসঙ্গে তিনি জামায়াতে ইসলামীর কথা উল্লেখ করে বলেন, দলটি প্রায়ই নারীদের মনোনয়ন দেয় না।
তিনি বলেন, ‘এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, তবে বিএনপি নারী অংশগ্রহণের বিষয়ে নিজস্ব নীতি অনুসরণ করে।
পরিশেষে তিনি বলেন, ‘আমাদের অঙ্গীকার স্পষ্ট-নারীর সুরক্ষা, ক্ষমতায়ন ও সমান অংশগ্রহণ অগ্রাধিকার হিসেবে থাকবে।
