বিশেষ প্রতিবেদন
রিপোর্টার ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
শুক্রবার ভোরে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিকায় হামলা চালিয়েছে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান জানিয়েছে, তারা যৌথ সীমান্তে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়ে জবাব দিয়েছে।
পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব।
তবে আফগান তালেবান বলেছে, সেগুলো ছিল আগের পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া।
আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে পাকিস্তান রাজধানী কাবুল, পাকতিকা এবং কান্দাহারের কিছু স্থানে বোমা হামলা হয়েছে। তবে তিনি দাবি করেছেন যে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কাবুলে থাকা এএফপি সংবাদদাতারা জানিয়েছে ভোরের দিকে জোরালো বিস্ফোরণে শহর কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুল।
তারা জানাচ্ছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটের দিকে যুদ্ধবিমানের শব্দসহ বিস্ফোরণের শব্দ শহরজুড়ে শোনা যায়। এছাড়া কেন্দ্রীয় কাবুলে প্রায় ২টা ৩০ মিনিট পর্যন্ত দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে।
এর আগে পাকিস্তান জানায়, বৃহস্পতিবার রাতে যৌথ সীমান্তে সামরিক অবস্থানের বিরুদ্ধে আফগান তালেবান অভিযান চালানোর পর তাদের দুই সৈন্য নিহত হয়েছে।
সাম্প্রতিক সংঘর্ষে উভয় পক্ষই একে অপরের বড় ক্ষতি করার দাবি করেছে। পাকিস্তানের সীমান্ত অঞ্চলের মানুষ বিবিসিকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
