মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঝিনাইদহে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন সহ জেলা ও পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) জে এম ইমদাদুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সহ দায়িত্ব পালনকারী সরকারি সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন, শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, এমন যেকোনো তৎপরতা রোধে সেনাবাহিনী কঠোর অবস্থান নেবে। এসময় তিনি আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ফলদ গাছের চারা রোপন করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
