মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের শৈলকূপা পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবাসহ কাউছার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার মতনেজা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার কাউছার এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। সে শৈলকূপা পৌরসভার ফাজেলপুর এলাকার শরমান শেখের ছেলে।
শৈলকূপা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকূপা থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের নেতৃত্বে গতকাল রাতে মতনেজা ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে কাউছারকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ৫৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউছার দীর্ঘ এক যুগ ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এর আগেও কয়েকবার পুলিশ তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। তবে জামিনে বেরিয়ে এসে সে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাঁর এই ব্যবসার কারণে এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ আশঙ্কাজনকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে।
এলাকাবাসীর দাবি, কাউছারকে স্থায়ীভাবে আইনের আওতায় আনা সম্ভব হলে এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে।
শৈলকূপা থানার এসআই তরিকুল ইসলাম জানান, কাউছারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
