রওশন বাবু
বিশেষ প্রতিনিধি, রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দশম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধ *র্ষ *ণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান। অভিযুক্ত ব্যক্তি আরিফুল ইসলাম (২০), তিনি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মনছুর আলীর ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার জায়গীরহাট ফখরুল উলুম ফাজিল মাদ্রাসার দশম শ্রেণিতে অধ্যয়নরত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ওই শিক্ষার্থী পরিচিত এক বান্ধবীকে সহায়তার সময় প্রতারণার মাধ্যমে অভিযুক্তের বাড়িতে নেওয়া হয়। সেখানে আশ্রয়ের সুযোগে ২৮ ডিসেম্বর রাতে ও সকালে একাধিকবার জোরপূর্বক ধ *র্ষ *ণের শিকার হন তিনি। পরে বিষয়টি প্রকাশ পেলে অভিযুক্ত ব্যক্তি বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, সহানুভূতির কারণে তিনি সহযোগিতা করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত তার জীবনে গভীর আঘাত নিয়ে আসে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, মামলাটি নিয়মিত প্রক্রিয়ায় রুজু করা হয়েছে। সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা সম্ভব হয়নি। বর্তমানে ভুক্তভোগী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
