মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণায় পৃথকস্থানে দুর্গাপুর ও খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
১৩ মার্চ শুক্রবার দুপুরে দুর্গাপুরের চণ্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এবং খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের নলসিটি হাওরে এসব ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানিয়েছেন পুলিশ।
নিহতরা হলেন- দুর্গাপুরের আলমপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫) ও খালিয়াজুরীর চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে কৃষক সুদিন সরকার (৪৩)।
দুর্গাপুর থানার ওসি মোঃ কামরুল হাসান বলেন-“আকাশ মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হন তিনি।
“স্থানীয়রা তাকে একটি ধানক্ষেতের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান বলেন- “হাসপাতালে আনার আগেই আকাশ মিয়া মারা গেছেন।”
অন্যদিকে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন- “নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক সুদিন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাতে গুরুতর আহত হন সুদিন।”
এ সময় আশপাশে থাকা স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদিনকে মৃত ঘোষণা করেন।
