বিশেষ প্রতিবেদন সংসদ অধিবেশন রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে আজকে স্পিকারের শূন্য আসন নিয়ে অধিবেশন শুরু, প্লেকার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ এবং ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিদের ওয়াক আউট-এসব নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১৯ মাস পর যাত্রা করল বাংলাদেশে নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয়ও আলোচনার জন্ম দিয়েছে।
এদিন নিয়ম অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আহ্বান জানান নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সে সময় সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা।
সংসদের শৃঙ্খলা রক্ষায় স্পিকার বার বার আহ্বান জানালেও প্রতিবাদ চালিয়ে যান বিরোধী দলের এমপিরা।
তাদের প্রতিবাদের মধ্যেই নিজের ভাষণ চালিয়ে যান রাষ্ট্রপতি। বক্তব্যের এক পর্যায়ে নানা স্লোগান দিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা।
