মোঃ রাসেল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি ।
নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তি হলেন পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সজুদুল হক (৫৮)।
আহতরা হলেন—
পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের মেয়ের দিকের নাতি।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ছোছাউড়া এলাকা থেকে একই মোটরসাইকেলে করে সজুদুল হকসহ তিনজন পূর্বধলা সদরের দিকে যাচ্ছিলেন। তারা মডার্ন আইডিয়াল স্কুলের কাছে স্টেশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সজুদুল হকের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মোফাজ্জল হোসেন ও শিশু আনাসকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
দুর্ঘটনার পর ইটবোঝাই ট্রলিটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত সজুদুল হকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান,
“দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেলেও ঘাতক হ্যান্ডট্রলি ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এদিকে, নানার সঙ্গে ফেরার পথে নাতির গুরুতর আহত হওয়া এবং নানার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ট্রলির বেপরোয়া গতির তীব্র সমালোচনা করেছেন।
