বিশেষ প্রতিবেদন: ঢাকা বিভাগীয় প্রধান ও কূটনৈতিক সংবাদদাতা
আগ্নেয় অস্ত্রের এসব লাইসেন্সের অধিকাংশই সাবেক সরকারের আমলে বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী ও তাদের স্বজনদের নামে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বর্তমান সরকার তদন্ত শুরু করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২০২৫ সালের মধ্যে দেওয়া অন্তত ৮ হাজার ১৭৩টি পিস্তল ও রিভলবারের লাইসেন্স মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ইস্যু করা হয়েছে।
আগ্নেয়াস্ত্র নীতিমালা অনুযায়ী এ ধরনের অস্ত্রের লাইসেন্স দেওয়ার আগে জেলা প্রশাসকের সুপারিশসহ প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে অনাপত্তিপত্র নিতে হয়। কিন্তু ওই সময় বহু ক্ষেত্রে এ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
মন্ত্রণালয় জানিয়েছে, জেলাগুলোর লাইসেন্স সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে এই অনিয়ম ধরা পড়ে। বর্তমানে জেলাভিত্তিক তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল, অস্ত্র জব্দ এবং প্রয়োজন হলে মামলা করার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনাপত্তিপত্র ছাড়া লাইসেন্স দেওয়ার পাশাপাশি আরও কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, যা যাচাই–বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ৫৩ হাজার ৭০২টি, যার মধ্যে আওয়ামী লীগের শাসনামলের ১৫ বছরে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৯৪টি।
