বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল
রিপোর্টার্স | ঢাকা বিভাগীয় প্রধান ও কুটনৈতিক সংবাদদাতা
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি এক আওয়ামী লীগ নেতাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য পরিবারের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে, সেটির বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
একইসাথে এই ধরনের অভিযোগ ওঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন আমিনুল ইসলাম।
এদিকে, যার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সেই ব্যক্তি মো. সাইমুম রেজা তালুকদার এখন আর প্রসিকিউশন টিমে নেই, তিনদিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপনও জারি করেছে।
মি. তালুকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বিবিসি বাংলাকে বলেন, “সরকার আইনি প্রক্রিয়ায় গেলে সেটি ফেইস করবো।”
বিজ্ঞাপন
চট্টগ্রাম -৬ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এই মামলাটির তদন্ত শেষ, প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য অপেক্ষমান তালিকায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
অর্থাৎ এই মামলাটি এখনো অভিযোগ গঠন পর্যায়েই যায়নি। এরই মধ্যে ঘুষ চাওয়ার মতো দুর্নীতির অভিযোগ উঠেছে।
যে প্রসিকিউটরের বিরুদ্ধে এই ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তিনি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। তিনি আইনজীবী সনদপ্রাপ্ত হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে ট্রাইব্যুনালে এসেছিলেন।
