মোঃ নাহিদ ইসলাম (জয়) ক্রাইম রিপোর্টার নাটোরঃ
নাটোরের সিংড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলায় এজাহারভুক্ত ও সন্দিগ্ধসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাত ১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নের থেলকুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল রাতে থেলকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত ৫ জনসহ আরও ৫ জন সন্দিগ্ধ আসামিকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলেন— থেলকুর গ্রামের মৃত ইসাহক প্রামাণিকের ছেলে মোমিন (৫০), আলিম উদ্দিনের ছেলে তুহিন (৩৫), আফজাল হোসেনের ছেলে ওমর ফারুক (৩৫), আঃ জলিলের ছেলে জাহাঙ্গীর (৩৮) এবং মেহের আলীর ছেলে রিংকু (২৫)।
এছাড়া একই গ্রাম থেকে আরও পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তারা হলেন— ইমন হোসেন (১৮), দুলাল হোসেন (৪০), আমজাদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২০) এবং রফিকুল (৩৬)।
পুলিশ জানায়, সম্প্রতি স্থানীয় একটি ঘটনায় কথা কাটাকাটির জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনার পরপরই সিংড়া থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে থেলকুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে গ্রেপ্তারকৃতদের সিংড়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিংড়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
