মো: আমিরুল ইসলামঃ
রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দুলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
শুক্রবার (৬ মার্চ) বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে শাহবাগ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম শাহবাগ থানাধীন শাহবাগ মোড়ের ফুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কবিরের ভাতের হোটেলের সামনে থেকে দুলালকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দুলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
