মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলায় প্রবাসী আরিফুল ইসলাম মাসুমের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
(৩ মার্চ ) বুধবার রাত ১০ টায় মোরেলগঞ্জে তার নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন এর আয়োজন করেন।
সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম বলেন, গত ১ মার্চ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে প্রবাসী আরিফুল ইসলাম মাসুমের মৃত্যু হয়। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে আফজাল নামের এক ব্যক্তির সঙ্গে মাসুমের বিরোধের সূত্রপাত হয়। কারও কারও দাবি, মাসুমের বোনকে নিয়ে অনভিপ্রেত মন্তব্য বা একটি ভিডিও সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তিনি প্রতিপক্ষ আফজালের ওপর আক্রমণ করেন। পরে উভয় পক্ষ সেখান থেকে সরে যান।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে মাসুম অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমপি আব্দুল আলিম দাবি করেন, মাসুমের মৃত্যুর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, অভিযুক্ত আফজাল নামের ব্যক্তিকে তারা চেনেন না এবং তিনি জামায়াতের কোনো পরিচয় বহন করেন না। অথচ ঘটনাটি রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।
তিনি আরও অভিযোগ করেন, একটি মহল জামায়াতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাবের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে অফিস পোড়ানোর মামলাও দায়ের করেছে।
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
