ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিঘলিয়া (খুলনা)
খুলনার দিঘলিয়া উপজেলার চাঞ্চল্যকর যুবদল নেতা মুরাদ খান হত্যার মূল আসামী বহিস্কৃত ছাত্রদল নেতা মেহেদি হাসান সাজ্জাদ (২৮) ঢাকায় গ্রেফতার হয়েছে।
পুলিশের একটি সুত্র জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা ডিবি পুলিশ শনিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে।দিঘলিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সাজ্জাদকে খুলনায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
পুলিশ সুত্র দাবি করেছে মুরাদ খান হত্যায় অংশ গ্রহণকারিদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি কয়েকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া সন্দিগ্ধ একাধিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই হত্যায় জড়িতদের আইনের জালে ধরা পড়ার আশাবাদ ব্যক্ত করেছেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।
অন্য দিকে মুরাদ খান হত্যার প্রতিবাদে সেনহাটী (বকসি বাড়ি)৷ মিয়া পাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ঘটে। এতে বক্তারা অবিলম্বে মুরাদ খান হত্যাকারিদের গ্রেফতারের দাবি জানানো হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
উল্লেখ্য গত শুক্রবার বিকালে যুবদল নেতা মুরাদ খানকে সেনহাটী বকসি বাড়ি এলাকায় ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাজ্জাদকে বহিষ্কার করে। নিহত মুরাদ খান সেনহাটী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন।
