চুমকী রায় : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অন্যায়ভাবে বাদ পড়লে নীতিমালার আওতায় সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অনুমতিপত্র বা অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে। তিনি বলেছেন, সচিবালয়ে প্রবেশের বিষয়ে আমরা মিডিয়া হাউজকে টার্গেট করে এক বা একাধিক কার্ডের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবো। অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গেলে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রেডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেবো। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাসউদুল হক।
তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আপনাদের এ পেশাগত দায়িত্ব পালন করার যে পরিবেশ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি মোটামুটি একটা পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটা অংশ হচ্ছে সিকিউরিটি ও এন্ট্রি সিস্টেমটা। কীভাবে এ দু’টি সিস্টেম সহজ করা যায় তা দেখা হচ্ছে। যখন লেআউটটা করা হবে তখন আপনাদের প্রতিনিধি নিয়ে করবো, যাতে এখানকার আভ্যন্তরীণ সুযোগ-সুবিধাগুলো আপনাদের চাহিদা মতো তৈরি করে দেওয়া যায়।
তিনি বলেন, অগ্নিসংযোগের দুর্ঘটনা আপনারা তো জানেন। তারপরেই বোধহয় প্রধান উপদেষ্টার তরফ থেকে একটা নীতি আসছিলো। তারপরে এক্সেস পাসের একটা শর্ত দেওয়া হয়েছে, যেটা এখনও আছে। আমরা মোটামুটি চিন্তা করছি, আপনাদের মতামত নিয়েই চূড়ান্ত করবো।
