মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহ পবিত্র রমজান মাসে ক্রেতাদের সুস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘স্বপ্ন’ সুপার শপসহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে একটি নামি ব্র্যান্ডের মধুতে ভেজাল পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা ও পণ্য জব্দ করা হয়।
রবিবার বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের এই বিশেষ অভিযানে সরাসরি যুক্ত ছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ গবেষণাগার (মোবাইল ল্যাব)। অভিযান চলাকালে স্বপ্ন সুপার শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মধু, নিজস্ব ব্র্যান্ডের হলুদের গুঁড়া, মুগ ডাল ও ইফতারি তৈরিতে ব্যবহৃত ভোজ্য তেলসহ মোট ১২টি নমুন সংগ্রহ করা হয়।
সংগৃহীত এসব নমুনা মোবাইল ল্যাবে তাৎক্ষণিক পরীক্ষা করে মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হয়।
পরীক্ষাকৃত ১২টি নমুনার মধ্যে একটি ব্র্যান্ডের মধুতে ক্ষতিকর ‘ইনভার্ট সুগার’ বা কৃত্রিম চিনির মিশ্রণ পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এটি একটি প্রতারণামূলক ও শাস্তিযোগ্য অপরাধ। ভেজাল প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ওই নির্দিষ্ট ব্যাচের সমস্ত মধু জব্দ করে জনসমক্ষেই ধ্বংস করা হয়।
অভিযানটিতে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এস. এম. শাদমান-উল-আলম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখা) মেহেদী হাসান। পুরো কার্যক্রমটি সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাধন সরকার।
জনস্বার্থে কঠোর হুঁশিয়ারি
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট এস. এম. শাদমান-উল-আলম জানান, রমজান মাসে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা খাবারে ভেজাল দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার বলেন:
“আমরা চাই মানুষ যা কিনছে তার গুণগত মান যেন সঠিক থাকে। সচেতনতা হোক আমাদের প্রথম প্রতিরক্ষা। ভেজাল রোধে আমাদের এই ঝটিকা অভিযান মাসজুড়েই অব্যাহত থাকবে।”
কর্তৃপক্ষ সাধারণ ক্রেতাদের বিশ্বস্ত উৎস থেকে পণ্য কেনার পরামর্শ দিয়েছে এবং যেকোনো অনিয়ম দেখলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে।
