আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
আনোয়ারা ইউএনও ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি
উপজেলা প্রশাসনের সম্মানহানি রোধে আইনানুগ পদক্ষেপের উদ্যোগ
চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক অপপ্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সরকারি কর্মকর্তাদের সম্মানহানি ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চৌধুরী নিউটন বড়ুয়া বাদী হয়ে গত ১ মার্চ আনোয়ারা থানা-য় জিডি দায়ের করেন। জিডি নম্বর ২৬ (২৬/২৫.২৬-৬০২১০৬১২০২৬)।
অভিযোগের বিবরণ
জিডি সূত্রে জানা যায়, ‘Daily Anowara Karnaphuli’ নামের একটি ফেসবুক পেইজ গত কয়েক মাস ধরে বিভিন্ন সময় বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করে আসছে। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি পেইজটিতে ‘আনোয়ারার ইউএনও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকে অভিযোগের প্রস্তুতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে স্থানীয় এক সচেতন নাগরিকের বরাত দিয়ে ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী জাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি এবং নিউটন বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আনা হয়।
এছাড়া গত ১৪ জানুয়ারি ‘অনিয়মে ভরপুর আনোয়ারা উপজেলা প্রশাসনের প্রায় দপ্তর, ভোগান্তিতে সাধারণ মানুষ’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে ইউএনও’র আশ্রয়-প্রশ্রয়ে বিভিন্ন দপ্তরের প্রধানরা অনিয়ম করছেন—এমন অভিযোগ তোলা হয়।
এরও আগে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ‘চাঁদাবাজির টাকায় সাংবাদিকদের মগ উপহার দিলেন ইউএনও পিএ নিউটন বড়ুয়া’ শিরোনামে প্রকাশিত আরেকটি সংবাদকে সম্পূর্ণ অসত্য ও মানহানিকর বলে দাবি করেছেন বাদী।
প্রশাসনের বক্তব্য
বাদী চৌধুরী নিউটন বড়ুয়া তার আবেদনে উল্লেখ করেন, এসব প্রতিবেদনে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আপত্তিকর ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হয়েছে, যা তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করছে। তিনি তথ্যপ্রযুক্তি আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
উপজেলার একাধিক গণমাধ্যমকর্মী জানান, ‘Daily Anowara Karnaphuli’ নামে কোনো সরকারি অনুমোদিত পত্রিকা নেই। একটি দুষ্টচক্র ফেসবুকে আইডি বা পেইজ খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, এটি সাংবাদিকতা নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পুলিশের প্রতিক্রিয়া
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “জিডি নম্বর ২৬ গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে যে বা যারা এই অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান জানানো হলেও, মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন
