মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি।
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকান্দা গ্রামে পূর্বের একটি হত্যাকাণ্ডের জের ধরে পুনরায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফারুক মিয়া পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছালাকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।
আহতরা হলেন— মৃত কিতাব আলীর ছেলে কেলন মিয়া (৫০), মৃত এখলাখ মিয়ার ছেলে মুকিব মিয়া (৪০), মৃত আসাদুল মিয়ার ছেলে আমিরুল (৩০), মিলন (৩৫) এবং মর্তুজা আলীর ছেলে বকুল মিয়া (৪৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কেলন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জুলাই একই গ্রামের শিক্ষানবিশ আইনজীবী হাফিজুল হক চৌধুরী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ফুল মিয়া চৌধুরী ও ফারুক মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয়দের দাবি, শনিবার সকালে ফারুক মিয়া পক্ষের লোকজন নিজ বসতভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে ফারুক মিয়া পক্ষের পাঁচজন আহত হন।
এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পূর্বের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চলমান বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এলাকায় বারবার উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। স্থায়ী শান্তি বজায় রাখতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।
