মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি:
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিনী মির্জা রাহাত আরা বেগম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের বেশ কয়েকটি মন্দির পরিদর্শন ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি কশালগাঁও, উত্তর মন্ডলাদাম হরিবাসর, পাঁচসিড়িপাড়া শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর জিউ সংঘ, খুঁটাপাড়া হরিবাসর ও কার্তিক তলা হরিবাসরসহ স্থানীয় ধর্মীয় উপাসনালয়গুলো ঘুরে দেখেন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর অবকাঠামোগত সমস্যার কথা শোনেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানা বিএনপি সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, সম্প্রীতির বন্ধন অটুট রাখতেই এই সৌজন্যমূলক সফরের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নিরাপত্তাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষের সবার মঙ্গল কামনা করেন।
