স্টাফ রিপোর্টার সিলেট : রাব্বি হাসনাত ইমন
সিলেটের কানাইঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল ভারতীয় “অফিসার চয়েস” মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম–এর দিকনির্দেশনায় এসআই সোহাগ চৌধুরী, এসআই সাইদুল হক ও এসআই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে থানাধীন ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নালুহারা) এলাকায় সুইচগেইট সংলগ্ন ডাইকের উপর থেকে একটি চটের বস্তার ভেতর লুকানো অবস্থায় ১৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
এসময় ঘটনাস্থল থেকে হুছন আহমদ (২০), পিতা—নিজাম উদ্দিন, গ্রাম—ডাউকেরগুল, থানা—কানাইঘাট, জেলা—সিলেটকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় আরও দুইজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হলে এসআই সোহাগ চৌধুরী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর—১১, তারিখ—২৪ ফেব্রুয়ারি ২০২৬।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
