রওশন বাবুঃ
রংপুর মহানগর এলাকায় ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে একটি নকল ঘি তৈরির কারখানার সন্ধান পায় এবং বিপুল পরিমাণ ভেজাল ঘিসহ এক ব্যক্তিকে আটক করে।
মাননীয় পুলিশ কমিশনার মজিদ আলী, বিপিএম মহোদয়ের নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকায় নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটক ব্যক্তির নাম:
মাইদুল ইসলাম (৩০)
পিতা: হোসেন আলী
গ্রাম: আদম গনেশের খামার
থানা: পীরগাছা
জেলা: রংপুর।
অভিযানকালে আনুমানিক পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ কাঁচামাল, খালি কৌটা, সিলিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি প্রায় ছয় মাস পূর্বে উক্ত স্থানে একটি কক্ষ ভাড়া নিয়ে নকল ঘি প্রস্তুতের কারখানা স্থাপন করেন। তিনি কোনো ধরনের দুগ্ধজাত উপাদান ব্যবহার না করে ডালডা, পাম ওয়েল ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে ভেজাল ঘি প্রস্তুত করতেন। পরবর্তীতে তা রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করতেন। রমজান মাসকে কেন্দ্র করে তার উৎপাদন ও সরবরাহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জনস্বার্থে ভেজাল ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
