মোঃ আমিরুল ইসলামঃ
যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁর তিন ছেলের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
দুদকের অনুসন্ধানে শেখ আফিল উদ্দিনের মোট সম্পদ ও ব্যয় মিলিয়ে ৫৩,৮৬,৬৬,২৭২ টাকার হিসাব পাওয়া যায়। এর বিপরীতে বৈধ আয় পাওয়া গেছে ৭,৬০,৬১,৮৫০ টাকা। ফলে ৪৬,২৬,০৪,৪২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই আইনে তাঁর স্ত্রী মোছাঃ তাহেরা সোবহার বিরুদ্ধেও মামলা হয়েছে। তাঁর মোট সম্পদ ও ব্যয়সহ হিসাব দাঁড়ায় ১৯,২৩,৪২,০৯৫ টাকা। বৈধ আয় পাওয়া গেছে ৩,১৮,৩০,৭৮৭ টাকা। দুদকের হিসাবে ১৬,০৫,১১,৩০৮ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
এ ছাড়া শেখ কুতুব উদ্দিন, শেখ তামিম উদ্দিন ও আফনান উদ্দিনের সম্পদের হিসাবেও আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদ পাওয়ায় তাঁদের কাছে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান টিমে ছিলেন আল-আমিন, সহকারী পরিচালক (দলনেতা), মোঃ রুবেল হাসান, সহকারী পরিচালক (সদস্য) এবং সৈয়দ মাইদুল ইসলাম, উপসহকারী পরিচালক (সদস্য)। তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ বেনজীর আহম্মদ, পরিচালক (বি: অনু: ও তদন্ত-৩)। এজাহারকারী কর্মকর্তা সৈয়দ মাইদুল ইসলাম।
দুদক জানিয়েছে, সম্পদ বিবরণী পর্যালোচনা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
