রওশন বাবুঃ
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ডিবি ও কোতয়ালী থানা পুলিশ গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ লিমন ইসলাম (২৫), পিতা- মোঃ সুরত আলী, সাং- পাকেরহাট (ফকিরপাড়া), থানা- খানসামা, জেলা- দিনাজপুর। তাকে নীলফামারী সদর থানার দালালের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
২. মোঃ শাহীনুর ইসলাম (৩২), পিতা- মৃত নবীউল ইসলাম, সাং- ফতেজংপুর পাইকারপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।
অভিযানের বিবরণ:
কোতয়ালী থানার একটি চুরি মামলার (মামলা নং-৪৪, তারিখ: ২২/১২/২০২৫) তদন্ত সূত্রে প্রথমে লিমন ইসলামকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চিরিরবন্দর থেকে শাহীনুর ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, পার্বতীপুরের সোনাপুকুর গ্রামের জনৈক বাদশাহর বাড়ি থেকে ২টি এবং রংপুর মেট্রোপলিটনের তাজহাট এলাকা থেকে আরও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো:
১. ১০০ সিসি টিভিএস মেট্রো (TVS Metro)
২. ১৬০ সিসি টিভিএস অ্যাপাসি আরটিআর ৪ভি (TVS Apache RTR 4V)
৩. ১৬০ সিসি টিভিএস অ্যাপাসি আরটিআর (TVS Apache RTR)
৪. ১০০ সিসি হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe)
৫. ১১০ সিসি ডিসকভার (Discover)
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
