মো : আমিরুল ইসলাম :
আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওই দিন বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
